ছাত্রী ধর্ষণের ঘটনাকে ধিক্কার বগুড়ার বিশিষ্টজনদের
ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ এবং পরে ওই ছাত্রী ও তাঁর মায়ের মাথা ন্যাড়া করার ঘটনা স্তম্ভিত করেছে বগুড়া বিশিষ্টজনদের। পুরো শহরই এ ঘটনায় প্রতিবাদমুখর হয়েছে। আজ প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বিশিষ্টজনেরা এ ঘটনায় একবাক্যে তাঁদের ঘৃণা জানিয়েছেন। এর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন আনোয়ার পারভেজ
বজলুল করিম বাহার (কবি, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ) : মেয়েটির ওপর যে নির্যাতন চালানো হয়েছে, এটা আমাকে স্তম্ভিত ও বেদনাহত করেছে। এটা শুধু অমানবিক নয়; পৈশাচিক, পাশবিক ও দানবীয়। এখন পর্যন্ত পুলিশের তৎপরতা ভালো, তবে ঘটনার মূল নায়ক তুফান সরকার অতীতেও একাধিকবার মাদকসহ ধরা পড়েছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে। আবার ছাড়াও পেয়েছে। প্রশাসনের তৎপরতা থেমে গেলে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে সমাজে এ রকম আরও দানব তৈরি হলে প্রগতিশীলতা থাকবে না। আবার অপরাধীরা সাজা পেলেও মা-মেয়ের ক্ষত-বেদনা, এ কলঙ্ক সারা জীবন বয়ে বেড়াতে হবে। রাষ্ট্রের উচিত ন্যায়বিচার ও মেয়েটির পরিবারকে নিরাপত্তা নিশ্চিত এবং আর্থিকভাবে পুনর্বাসন করা।
মোস্তাফিজুর রহমান (সভাপতি, সুশাসনের জন্য নাগরিক-সুজন): ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থাকা তুফান সরকারের মতো ধর্ষককে শুধু ‘চমক’ দেখানোর জন্য গ্রেপ্তার করলে হবে না, বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ, অতীতেও ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় থাকা সন্ত্রাসীরা গ্রেপ্তার হয়েছিল। কিন্তু ক্ষমতাসীনদের তদবিরে বেরিয়ে গেছে। মুখে মুখে যতই জয় বাংলা, মুক্তিযুদ্ধের চেতনা বলি না কেন, যত দিন দলে তুফানের মতো সন্ত্রাসীরা থাকবে, তত দিন সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে না। তা ছাড়া এ ঘটনায় দেশবাসী লজ্জিত হলেও বগুড়া আওয়ামী লীগ লজ্জিত হয়নি। তারা দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া বা মেয়েটির প্রতি কোনো সহানুভূতিও জানায়নি।
মাসুদার রহমান (সভাপতি, সচেতন নাগরিক কমিটি-সনাক): মেয়েটিকে ধর্ষণ ও নির্যাতনের মূল হোতা তুফান সরকারের গোটা পরিবার ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় মাদক ব্যবসা, ভূমি দখল, চাঁদাবাজিসহ সব অপকর্মে জড়িত। আইনশৃঙ্খলা বাহিনী আগে থেকে তৎপর হলে এ রকম জঘন্য কাজ করার সাহস পেত না। এ ঘটনা রাজনৈতিক দলের জন্য সাংঘাতিক লজ্জার বিষয়। দ্রুতবিচার আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এ রকম জঘন্য অপরাধে সন্ত্রাসীরা আরও উৎসাহিত হবে।
আবদুল মান্নান (সাংসদ, বগুড়া-১ ও জেলা কমিটির সদস্য): যে ঘটনা ঘটেছে কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। এটা অত্যন্ত অমানবিক, ন্যক্কারজনক ও বর্বরোচিত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের নাম ব্যবহার করে কেউ এসব করলে তার অপকর্মের দায় দল নেবে না। কেন্দ্রীয় আওয়ামী লীগ ইতিমধ্যেই তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া জেলায় দলের নিয়ন্ত্রণ আমি করি না। এখানে শীর্ষ নেতারা রয়েছেন। যারা ছাত্রী নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
সামির হোসেন (সভাপতি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ): রাজনৈতিক দলগুলো যদি তুফান সরকারের মতো নরপিশাচ, সন্ত্রাসী, চাঁদাবাজকে আশ্রয়-প্রশ্রয় না দিত, তবে দলের ভাবমূর্তি আরও পরিচ্ছন্ন ও উজ্জ্বল হতো। শ্রমিক লীগের শীর্ষ পদে ছিল তুফান। এ কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগের আগেই বগুড়া আওয়ামী লীগ এ ঘটনা তদন্ত করতে পারত। এমন নরপশু, দখলবাজ, চাঁদাবাজ, কুলাঙ্গার দলের ভাবমূর্তি নষ্ট করছে। অতীতেও এ রকম অপরাধে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হয়েছে, আবার আইনে ফাঁক দিয়ে রক্ষা পেয়েছে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এসব ফাঁকফোকর বন্ধের পাশাপাশি মেয়েটি এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।
তৌফিক হাসান ( সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট): মেয়েটির ওপর যে বর্বরতা চালানো হয়েছে, এটা মধ্যযুগীয় নারকীয় ও দানবীয়। ঘটনার মূল হোতা তুফান একদিনে এমন দানব হয়নি, ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় বীরদর্পে খুন, হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসার মতো অপরাধ করে যাচ্ছে। এসব অপরাধীকে শুধু গ্রেপ্তার করলে হবে না, যারা সমাজে এসব অপরাধীদের তৈরি করে, তাদের গডফাদারদের বিরুদ্ধেও দলীয় এবং আইনি ব্যবস্থা নিতে হবে।
আমিনুল ফরিদ (সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বগুড়া জেলা শাখা): মেয়েটি এবং তার পরিবারের প্রতি যে নির্যাতন চালানো হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই বর্বরতার মূল নায়ক একদিনে গড়ে ওঠেনি, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় দিনে দিনে দানব হয়ে উঠেছে। আগেও এই দানব ইয়াবা-ফেনসিডিলসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছে। দলের প্রভাব খাটিয়ে ছাড়াও পেয়েছে। তার মতো নেতা ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় নানা অপকর্ম করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। একজন জনপ্রতিনিধি হয়ে মা-মেয়ের চুল কেটে দিয়ে পৌরসভার কাউন্সিলর শুধু অপরাধ করেননি, একজন নারী হয়ে অন্য নারীর সম্মান ভূলুণ্ঠিত করেছেন।