ছাত্রী ধর্ষণের শিকার, মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর পৌরসভার চাঁচকৈড় খলিফাপাড়ায় অষ্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। হুমকির মুখে ভয়ে ওই ছাত্রীর পরিবার সাত দিন বাড়ি থেকে বের হতে পারেনি। ধর্ষণের শিকার ওই কিশোরী গত শুক্রবার মানবাধিকার সংস্থার লোকজনের সহায়তায় গুরুদাসপুর থানায় মামলা করেছে। অভিযুক্তরা এখন মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে কিশোরী অভিযোগ করেছে। মামলায় একই মহল্লার রনি, সিদ্দিক, বিল্টু, ফরহাদ, আরিফ ও সুরুজকে অভিযুক্ত করা হয়েছে। মামলার বাদী ওই কিশোরী জানায়, গত ১৫ জুলাই বিকেলে প্রতিবেশী রনি কথা আছে বলে তাকে ডেকে নিয়ে যান। পথে আরও পাঁচ যুবক রনির সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা টেনেহেঁচড়ে বাড়ির অদূরে একটি পাটখেতে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ ঘটনার পর আদালতে মামলা করতে গেলে অভিযুক্ত সিদ্দিকের চাচা ওয়ার্ড কমিশনার মায়া, ফারুকসহ কয়েকজন বিষয়টি আপোস-মীমাংসা করে দেওয়ার কথা বলে তাকে বাড়িতে নিয়ে আসেন। পরে তাঁরা সালিস বসিয়ে অভিযুক্তদের ১২ হাজার টাকা জরিমানা করেন। কিশোরী বলে, ‘আমি ওই সালিস না মানায় অভিযুক্তরা আমাদের উচ্ছেদের হুমকি দেন। ভয়ে আমি ও আমার মা বাড়ি থেকে কয়েক দিন বের হতে পারিনি।’ ওয়ার্ড কমিশনার মায়া বলেন, ‘মেয়েটি খারাপ, তাই সালিস করে তাকে কিছু দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু মেয়েটি তা মানছে না। তবে তাদের কোনো ভয়ভীতি দেখানো হচ্ছে না।’ মামলার তদন্ত কর্মকর্তা গুরুদাসপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, সালিসের অজুহাতে সময়ক্ষেপণ করায় ধর্ষণের আলামত নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।