ছাত্রী নির্যাতনকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্তের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। নারীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবিও জানানো হয়। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. কায়কোবাদের সঞ্চালনায় গতকাল মানববন্ধনে বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটি সীতাকুণ্ড শাখার যুগ্ম সম্পাদক আলী আদনান, জেলা শিল্পকলার নাট্যকলার শিক্ষক এইচ এম মাশরুর চৌধুরী, চট্টগ্রাম নারী যোগাযোগ কেন্দ্রের সদস্য নাদিরা সুলতানা, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (খালেকুজ্জামানের অনুসারী) সভাপতি আইরিন সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদীচীর সাংগঠনিক সম্পাদক ধর্মরাজ, সামাজিক সংগঠন উৎসের সদস্য আবুল হোসেন খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রকাশ্যে ছাত্রীটিকে নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ তাঁকে উদ্ধারে এগিয়ে আসেনি। সমাজে নারীদের অবস্থান কোথায় সেটি এই একটি ঘটনাতেই প্রমাণ হয়।

বক্তারা আরও বলেন, সমাজের মানুষের নৈতিক উন্নয়ন ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে এ ঘটনার বিচার করতে হবে। সর্বস্তরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, গত ১৩ মে রাতে চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় প্রয়োজনীয় কেনাকাটা করতে যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। কেনাকাটা সেরে ফেরার পথে টেরিবাজারের রাস্তায় এক ব্যক্তির উত্ত্যক্তের শিকার হন তিনি। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীকে মারধর করে উত্ত্যক্তকারী ব্যক্তি। এ ঘটনায় গত মঙ্গলবার কোতোয়ালি থানায় নির্যাতনকারী ব্যক্তি, টেরিবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ তিনজনে বিরুদ্ধে মামলা করেন ছাত্রীটি।

নির্যাতনের শিকার ওই ছাত্রী গতকাল প্রথম আলোকে বলেন, টেরিবাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিচারের আশ্বাস দিয়ে তাঁকে এতদিন মামলা করতে দেয়নি। তিনি অভিযুক্তদের বিচার চান।

এ বিষয়ে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, তিনি ঘটনাটি সমাধানের যথাসাধ্য চেষ্টা করেছেন। শুরু থেকে তিনি ছাত্রীটিকে মামলা করার পরামর্শ দিয়েছেন। তিনিও চান এ ঘটনায় দোষী ব্যক্তির বিচার হোক।