ছাত্রী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিচার না পেয়ে আত্মহননকারী স্কুলছাত্রী সেঁজুতি ও একই উপজেলার কলসকাঠিতে অপর এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ জোট বরিশাল মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। প্রতিরোধ জোটের আহ্বায়ক আনোয়ার জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সেঁজুতির মা হাফিজা বেগম বলেন, ‘আমার মেয়েকে ওরা বাঁচতে দিল না। ওদের অশ্লীল মন্তব্য ও আমার অপর দুই কন্যাকে অপহরণের হুমকি দেওয়ায় আত্মহত্যা করেছে সেঁজুতি। এখন পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমার মেয়ে হত্যাকারীদের বিচার চাই।’মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশালের সভানেত্রী রাবেয়া খাতুন, শিক্ষাবিদ মো. হানিফ, মানবাধিকার জোটের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান, পাদ্রিশিবপুর ইউপির (ইউনিয়ন পরিষদ) সদস্য আবদুল হানিফ ভাণ্ডারী, লিলি বেগম, উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা, কমিউনিস্ট পার্টি জেলার সভাপতি এ কে আজাদ, গণফোরামের হিরণ কুমার দাস, স্টেপস প্রতিনিধি রণজিৎ দত্ত, নিগার সুলতানা, ফজিলাতুন্নেছা, শুভংকর চক্রবর্তী প্রমুখ।প্রসঙ্গত, গত ২১ অক্টোবর রাতে বাকেরগঞ্জের রঘুনাথপুর গ্রামের বাড়ির চৌকাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সেঁজুতি। অন্যদিকে গত ২৪ অক্টোবর একই উপজেলার কলসকাঠি বাজারে এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে সন্ত্রাসীরা।