ছাত্রী নির্যাতনকারীর বিচার দাবি করায় কলেজে আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী নির্যাতনকারীর বিচার দাবি করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করায় গত সোমবার গভীর রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বগুড়ার আদমদীঘি উপজেলার জালাল উদ্দীন আহম্মেদ কলেজের কয়েকটি কক্ষ। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ছাই হয়ে গেছে কলেজটির শিক্ষকদের বিশ্রামাগার, বিজ্ঞান ভবনসহ কয়েকটি শ্রেণীকক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, আগুনে কলেজের আসবাব, গবেষণাগারের সরঞ্জামসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।কলেজের অধ্যক্ষ ওমর আলী জানান, গত ২২ অক্টোবর সকালে কলেজের এক ছাত্রীকে কলেজে আসার পথে ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় চাঁপাপুর বাজারের রফিকুল নামের এক বখাটে। ২৪ অক্টোবর ছাত্রীটির বাবা বাদী হয়ে এ ব্যাপারে থানায় মামলা করেন। অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার ও তাঁর বিচারের দাবিতে সোমবার উপজেলার চাঁপাপুর বাজার এলাকায় কলেজের ছাত্রছাত্রী, অভিভাবকসহ শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ-সমাবেশ করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।আদমদীঘি থানার ওসি আমিনুল ইসলাম বলেন, কলেজে আগুন লাগিয়ে দেওয়ার সঙ্গে ছাত্রী নির্যাতনের বিষয়টি সম্পৃক্ত থাকতে পারে। তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ওমর আলী আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।