ছাত্রী নির্যাতনের ঘটনায় চার শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে এক শ টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণির (তৃতীয় জামাতের) শিশু ছাত্রীকে (৮) মুখে গামছা বেঁধে নির্যাতনের ঘটনায় গতকাল শনিবার গৌরনদী মডেল থানায় মামলা করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নির্যাতিত শিশুর মা রেনু বেগম বাদী হয়ে মাদ্রাসার প্রধান সুপার (বড় খালামণি) খাদিজা আক্তারসহ চার শিক্ষককে আসামি করে গতকাল শনিবার থানায় মামলাটি করেন। এরপর বিকেলে লিজা আক্তার নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত বৃহস্পতিবার রাতে খাদিজাতুল কোবরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার আবাসিক হলের তৃতীয় শ্রেণির ছাত্রী কামরুন নাহার সুমাইয়াকে এক শ টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার সুপার (বড় খালামণি) খাদিজা আক্তার ও মেজ খালামণি এবং বাংলা খালামণি সুমাইয়ার মুখে গামছা বেঁধে অমানুষিক নির্যাতন চালান। শুক্রবার সকালে মাদ্রাসার এক ছাত্রী গোপনে বিষয়টি ফোন করে তার মা রেনু বেগমকে জানায়। ওই দিন রেনু বেগম মেয়েকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

গতকাল শনিবার প্রথম আলোয় ‘এক শ টাকা চুরির অপবাদে ছাত্রীর মুখ বেঁধে নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ হাসপাতালে শিশুটিকে দেখতে যান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে শিশুটিকে উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ গ্রহণ করেন। ইউএনও শরিফ আহম্মেদ বলেন, ‘শিশুটিকে বেদম মারধর করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটির শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ছাপ ছাপ দাগ রয়েছে।’

এ ব্যাপারে মাদ্রাসার সুপার (বড় খালামণি) খাদিজা আক্তারের কাছে জানতে চাইলে, তিনি কথা বলতে রাজি হননি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ছাত্রী সুমাইয়াকে মাদ্রাসার খালামণিরা শাসন করেছে, যা গুরুতর নয়।