ছাত্রী মারধরের ঘটনায় তদন্ত কমিটি, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করেছে। এ ঘটনায় গত সোমবার রাতে থানায় মামলা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে।
গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারের সামনে ফিন্যান্স বিভাগের ছাত্র সাদ্দাম হোসেনের সঙ্গে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের এক ছাত্রীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাদ্দাম ছাত্রীর গালে চড় মারলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাঁকে কয়েকবার লাথি মারা হয়। একপর্যায়ে ছাত্রী চেতনা হারিয়ে ফেলেন। এর পরও তাঁর কাছে থাকা গিটার দিয়ে ছাত্রীকে মারতে উদ্যত হলে আশপাশের কয়েকজন কর্মচারী ও শিক্ষার্থী এসে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।
সাদ্দামের কয়েকজন সহপাঠীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি আট-নয় মাস আগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে মোটামুটি স্বাভাবিক হয়ে ফেরেন। পরে আবার তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে তিনি অসংলগ্ন কথাবার্তা বলে আসছেন। ওই ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে কেউ তা ভাবেনি।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘সাদ্দামের সঙ্গে এমনিতে যোগাযোগ ছিল। ও নিরাময় কেন্দ্র থেকে ফিরে এলে ভেবেছিলাম ভালো হয়ে যাবে। কিন্তু গত রোববার সকালবেলা হঠাৎ দেখা হওয়ার পর সাদ্দাম অসংলগ্নভাবে কথা বলা শুরু করে। একপর্যায়ে আমাকে থাপ্পড় মারে, লাথি মারে। জ্ঞান ফেরার পর দেখি, আমি মেডিকেলে আছি।’
ছাত্রী জানান, তিনি নিরাপত্তা চেয়ে এবং এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে বিভাগ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক ইকবাল হোসাইন বলেন, ‘মামলা হয়েছে। অভিযুক্তকে পেলে গ্রেপ্তার করা হবে।’
পারিবারিক সূত্রে জানা যায়, সাদ্দামকে সোমবার রাতে কুষ্টিয়া শহরের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এর আগে রোববার যোগাযোগ করলে সাদ্দাম বলেন, ‘বিষয়টি একান্তই ব্যক্তিগত। আমাদের মধ্যে এক বছর যাবৎ সম্পর্ক, আর সম্পর্কের মাঝে এমন কিছু ঘটা অস্বাভাবিক কিছু নয়।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এ ঘটনায় অধ্যাপক নাসিম বানুকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত ম লোকমান হাকিম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।