ছাত্রী মৃত্যুর মামলায় জামিন পেলেন আট চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের আটজন চিকিৎসক। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম তাঁদের জামিন মঞ্জুর করেন।

এর আগে ওই আটজন চিকিৎসক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা মুচলেকায় জামিন দেন। জামিনপ্রাপ্ত চিকিৎসকেরা হলেন: এ বি এম আবদুল্লাহ, রাশেদ ইউসুফ, মো. মর্তুজা, এ এস এম মতলুবুর রহমান, মাসুদা পারভীন, জাহানারা বেগম মনা, মাকসুদা পারভীন ও তপন কুমার বৈরাগী। এ মামলার আরেক আসামি সেন্ট্রাল হাসপাতালের অন্যতম পরিচালক এম এ কাশেম গত শুক্রবার জামিন পান।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মকবুলুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিন গত বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বাদী হয়ে ওই চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেন।