ছাত্রী লাঞ্ছনা : ছাত্রলীগের ৫ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী ছাত্রীকে লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের দায়ে আজীবন বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি হাইকোর্টের দেওয়া রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে। আজ সোমবার ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ছাত্রী লাঞ্ছনা, ছিনতাই ও প্রহারের অভিযোগে গত বছর ২৩ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিশাত ইমতিয়াজ, ছাত্রলীগ কর্মী নৃবিজ্ঞান বিভাগের আবদুর রহমান ও নুরুল কবির, হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও রসায়ন বিভাগের নাফিজ ইমতিয়াজ এবং ছাত্রলীগ কর্মী ভূগোল ও পরিবেশ বিভাগের রাকীব হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়। এঁরা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের আবাসিক শিক্ষার্থী।
বহিষ্কারের পর গত বছর শেষের দিকে হাইকোর্টে রিট করেন ছাত্রলীগের এই পাঁচ নেতা-কর্মী। এতে শুনানি শেষে গত ২০ মার্চ আদালত এই বহিষ্কারাদেশ অবৈধ ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (আইন) মাহতাব-উজ-জাহিদ বলেন, শুনানি শেষে হাইকোর্ট বহিষ্কারাদেশকে অবৈধ ঘোষণা করেছেন। হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে গত ছয় এপ্রিল এই পাঁচজন শিক্ষাকার্যক্রমে অংশ নেওয়ার জন্য উপাচার্য ফারজানা ইসলামের কাছে আবেদন করেন। আবেদন গৃহীত হওয়ার পর বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানিয়ে অফিস আদেশ জারি করে প্রশাসন।
ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন, হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এই প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে।
গত বছরের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আদিবাসী এক ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ ওঠে ছাত্রলীগের এই পাঁচ নেতা-কর্মীর বিরুদ্ধে। ১৬ এপ্রিল ছাত্রলীগ থেকে তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।