ছাত্রী লাঞ্ছনা: ডিএমপির পর সদর দপ্তরের কমিটি
ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাওয়ের সময় পুলিশের হাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনা তদন্তে ডিএমপির পর এবার পুলিশ সদর দপ্তর তিন সদস্যের কমিটি গঠন করেছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজিকে (অপারেশনস) আহ্বায়ক করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর)-কে এই কমিটির সদস্যসচিব এবং পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম-মেট্রো)-কে সদস্য করা হয়েছে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে একই ঘটনায় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কীভাবে ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডের স্পর্শকাতর মন্ত্রিপাড়ায় গিয়ে পুলিশের ওপর ‘হামলা চালিয়েছেন’ তা ‘যাচাইয়ে’ তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএমপি।
সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রোববার ছাত্র ইউনিয়নের ডিএমপি কার্যালয় ঘেরাওকে কেন্দ্র করে আজ সোমবার বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও ছবির বিষয়ে পুলিশ সদর দপ্তরের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। ঘেরাও কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে মিছিলকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। মিছিলের উচ্ছৃঙ্খল সদস্যদের ছত্রভঙ্গ করার সময় পুলিশের বাড়াবাড়ি ইত্যাদি বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তবে কমিটিকে কত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে, তা বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত ছবির ভিত্তিতে নায়েক আনিসুর রহমানকে শনাক্ত করে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত হওয়ার ঘটনায় নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার ডিএমপি কার্যালয় ঘেরাও করতে যান ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। সেখানে নেতা-কর্মীদের ডিএমপি কার্যালয়ের সীমানায় ঘেঁষতে দেয়নি পুলিশ। উল্টো যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন তাঁদের ওপর হামলা চালায় পুলিশ। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে যান কয়েকজন ছাত্রী। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা এক ছাত্রীকে চুলের মুঠি ধরে টেনে বের করে পেটানো হয়। এ খবর ও ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও সম্প্রচারিত হয়।