ছাত্রী লাঞ্ছনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপককে বাধ্যতামূলক ছুটি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তিন শিক্ষকের অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ছাত্রী লাঞ্ছনা: রাষ্ট্রবিজ্ঞানের এক শিক্ষকের বিরুদ্ধে লাঞ্ছনার লিখিত অভিযোগ এনেছেন একই বিভাগের এক ছাত্রী। প্রমাণ হিসেবে তিনি অভিযোগের সঙ্গে রেকর্ড করা কিছু তথ্য উপস্থাপন করেছেন। ওই ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সহ-উপাচার্য হারুন-অর-রশীদকে প্রধান করে ছয় সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে তাঁকে ছুটি দেওয়া হয়েছে।চৌর্যবৃত্তির পাল্টাপাল্টি অভিযোগ: গত ২৫ আগস্ট সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এ এস এম আমানুল্লাহ একই বিভাগের শিক্ষক জিনাত হুদা ওয়াহিদের বিরুদ্ধে উপাচার্যের বরাবরে চৌর্যবৃত্তির অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে রোববার সিন্ডিকেটের সভায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এর আগে আমানুল্লাহ ও তাঁর এক ছাত্রের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন জিনাত হুদা। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২০ আগস্ট সিন্ডিকেটের সভায় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছিল। পাল্টাপাল্টি এ দুটি অভিযোগের তদন্তভার একই তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে বলে সভা সূত্রে জানা যায়।সিন্ডিকেটের সদস্য সদরুল আমিন তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘আমানের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন জিনাত। আমানও জিনাতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন। দুটি অভিযোগ তদন্তের ভার একই কমিটিকে দেওয়া হয়েছে।’তিন শিক্ষককে খুঁজে পেতে কমিটি: সভায় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে খুঁজে পেতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনসুর রহমান, ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আনিকা আজিজ এবং তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম।সিন্ডিকেটের সদস্য মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই শিক্ষকেরা ছুটি নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছিলেন। সেখান থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরেও আসেন। সে অনুসারে তাঁদের পদোন্নতিও হয়। কিন্তু পদোন্নতি পাওয়ার পরপরই তাঁরা কর্তৃপক্ষকে না জানিয়ে কর্মস্থলে আসছেন না।এ ছাড়া ফিন্যান্স বিভাগের শিক্ষক মুহাম্মদ মুশফিক উদ্দীনের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্ট্যান্ডিং কমিটিকে দায়িত্ব দিয়েছে সিন্ডিকেট। জানা যায়, ওই শিক্ষক অননুমোদিতভাবে দেশের বাইরে আছেন। এদিকে অননুমোদিতভাবে ছুটিতে থাকায় প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীমা নাসরিন শাহেদকে আট সপ্তাহের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।প্রক্টর ছুটিতে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ছুটিতে গেছেন। রোববার সিন্ডিকেটের সভায় তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে এক বছরের বিনা বেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করা হয়। ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও কলা অনুষদের সহকারী প্রক্টর আমজাদ আলীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।