ছাত্রী লাঞ্ছনার অভিযোগে এক শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র নূরুল আমিনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একই বিভাগের একজন ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে। গত ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৩১তম সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কারাদেশের চিঠি নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধোবারুহীতে নূরুলের গ্রামের বাড়িতেও পাঠানো হয়।নূরুল আমিন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।নূরুল আমিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিমান করে আমি তার ওপর হামলা করেছিলাম। প্রশাসন আমার অপরাধ অনুযায়ী যে শাস্তি দিয়েছে, তা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল দুপুরে বাংলা বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী কলা ভবনে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তখন নূরুল আমিন তাঁর পথ আটকে আগেই দেওয়া প্রেমের প্রস্তাবে সাড়া দিতে বলেন। এতে প্রত্যাখ্যাত হয়ে নূরুল ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন। এ ঘটনায় ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।