ছাত্রী লাঞ্ছনার ঘটনা সাজানো, পর্যবেক্ষণ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে কথিত ছাত্রী লাঞ্ছনার ঘটনা বহিরাগতদের প্ররোচনায় সাজানো হয়েছে বলে দাবি করেছে ছাত্রলীগ। গত শনিবার দুপুরের সংঘর্ষের ঘটনা ও ছাত্রী লাঞ্ছনার অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ গতকাল রোববার অধ্যক্ষ বরাবরে একটি স্মারকলিপি দিয়ে এ বক্তব্য তুলে ধরে। অপরদিকে গতকাল প্রশাসনিক বৈঠকে ছাত্রী লাঞ্ছনার ঘটনার কোনো ভিত্তি না পাওয়ায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন অধ্যক্ষ সুশান্ত কুমার বসু। তিনি প্রথম আলোকে বলেন, ‘স্থানীয় ও জাতীয় একটি দৈনিকে ছাত্রী ধর্ষণ ও লাঞ্ছনার খবর প্রকাশিত হয়েছে। এ রকম কোনো ঘটনা আদৌ ঘটেনি। পত্রিকায় পড়ে ওই ছাত্রীর পরিবার আমাদের কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছে।’ ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার বেলা ১১টায় ‘সাধারণ ছাত্র’ ব্যানারে ছাত্রদল-শিবিরের একদল বহিরাগত কর্মী নিয়ে পলিটেকনিকের কিছু ছাত্র অধ্যক্ষ বরাবর স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে ছাত্রলীগ পলিটেকনিক শাখার আহ্বায়ক সৈকত চন্দ্র রিমির বিরুদ্ধে ছাত্রী লাঞ্ছনার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়। সাধারণ ছাত্রের ব্যানারে বহিরাগত ও ছাত্রদল-শিবিরের কর্মী ছিল দাবি করে ছাত্রলীগের নেতা সৈকত বলেন, ছাত্রী লাঞ্ছনার কোনো ঘটনাই ক্যাম্পাসে ঘটেনি।