ছাত্রী লাঞ্ছনার ঘটনায় এক ছাত্রকে সাময়িক বহিষ্কার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী মোহাম্মদ মাসুমকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে ওই ছাত্রকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি ছাত্রী হলের শিক্ষার্থীরা মাসুমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সকাল ১০টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ঘেরাও করে রাখেন।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছাত্রী প্রথম আলোকে বলেন, তাঁদের দাবি ছিল ওই ছাত্রের আজীবন বহিষ্কার। সাময়িক বহিষ্কার করে তাঁদের সঙ্গে নাটক করা হচ্ছে। তাঁরা এই সিদ্ধান্ত মানেন না।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ বলেন, ওই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আগামী শনিবার তাঁর বিভাগ থেকে আরও একটি সিদ্ধান্ত আসবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গত সোমবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মাসুমসহ দুজনকে আটক করে পুলিশ।