ছাত্রী লাঞ্ছনার বিচার দাবিতে পাঁচ দিনের আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। তাঁরা তদন্ত কমিটি না হওয়া ও দোষী ব্যক্তিদের আটক করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতারা পাঁচ দিনের মধ্যে অপরাধী সবাইকে গ্রেপ্তার করতে না পারলে ক্লাস বর্জন ও বিশ্ববিদ্যালয় স্থবির করার ঘোষণা দেন। জানা গেছে, গতকাল বেলা একটার দিকে ছাত্রী লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন ক্যাম্পাসে একটি মিছিল বের করে। মিছিল শেষে টিএসসি চত্বরে তারা প্রতিবাদ-সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শক্তিচন্দ্র মণ্ডল, সাধারণ সম্পাদক জয়ন্ত সাহাসহ অনেকে। বক্তারা আগামী রোববারের মধ্যে অপরাধী ব্যক্তিরা গ্রেপ্তার না হলে ক্লাস বর্জনসহ বিশ্ববিদ্যালয় স্থবির করে দেওয়ার ঘোষণা দেন।