ছাত্রী-শিক্ষক অনৈতিক সম্পর্ক তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করার অভিযোগ উঠেছে। সম্প্রতি স্নাতকোত্তরের এক ছাত্রী বিভিন্ন প্রমাণাদিসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন বিপ্লব কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। তবে বিপ্লব কুমার বিশ্বাস তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকতে অপারগতা জানান।

উপাচার্য আবদুস সাত্তার প্রথম আলোকেবলেন, ‘লিখিতভাবে তদন্তের দায়িত্ব দেওয়ার আগেই বিপ্লব কুমার অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন। তাই নতুন আরেকজনকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হবে।’

এদিকে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার একটি প্রতিনিধি দল গত শনিবার সন্ধ্যায় উপাচার্যের সঙ্গে দেখা করেছে। প্রতিনিধিরা অবিলম্বে বিষয়টি তদন্ত করে সত্য উদ্‌ঘাটনের মাধ্যমে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, ‘প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিক্ষক আমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক নেই—এমন কথা বলে বিয়ের প্রলোভন দিয়ে দুই বছর ধরে সম্পর্ক চালিয়ে গেছেন। পরে জানতে পারি, বিভাগের আরও কয়েকটি মেয়ের সঙ্গেও তিনি একইভাবে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি।’

অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কাউকে কখনো কোনো প্রশ্নপত্র দিইনি। বিভাগের ছাত্রী হিসেবে মেয়েটির সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। এর বাইরে কিছু না।’