ছাত্রশিবিরের নারী শাখা ছাত্রী সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার ও রোকেয়া হলের আট ছাত্রীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়।বহিষ্কৃতরা হলেন, ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোজিনা শুরভি, সাধারণ সম্পাদক শামীমা ইয়াসমিন। অন্যরা হলেন, সংগঠনের কর্মী হাবিবাতুস সাদিয়া, সমতাজ খানম, জুলফাতুন্নেসা, সুরাইয়া ইসলাম, তাহিরা বেগম ও মিতু ইসলাম। তাঁদের মধ্যে দুজন রোকেয়া হলের ও ছয়জন শামসুন্নাহার হলের ছাত্রী।রোববার রাতে শামসুন্নাহার হলের নয় ছাত্রীকে ছাত্রী সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই হলের ছাত্রলীগের কর্মীরা তাঁদের আটক করে। পরে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি জানালে তাঁরা তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।গতকাল দুপুরে প্রক্টর অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান প্রক্টর সাইফুল ইসলাম খান। তিনি জানান, অভিযুক্তরা ছাত্রী সংস্থার কর্মী তা তারা স্বীকার করেছে। বিভিন্ন হলে তাদের কর্মকাণ্ড রয়েছে তা-ও তারা স্বীকার করেছে। তিনি বলেন, তারা যেকোনো সময় ক্যাম্পাসে অপতৎপরতা চালাতে পারে—এ আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সংগঠনের কার্যক্রম পরিচালনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বৈধতা নেই। এর পরও গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করায় শামসুন্নাহার ও রোকেয়া হলে অবস্থানকারী তাদের আট নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।