ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এ ছাড়া গতকাল সকালে জেলা শহরের পুলিশ লাইন এলাকার একটি বাসা থেকে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে দুই কলেজছাত্রীকে আটক করেছে সুধারাম থানার পুলিশ।

শুক্রবার রাতে আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির পাঁচজন, জামায়াতের পাঁচজন ও ইসলামী ছাত্রশিবিরের ১৪ জন। তাঁদের গতকাল বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং ছাত্রী সংস্থার কর্মী সন্দেহে আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জানতে চাইলে বিশেষ অভিযান পরিচালনার কথা নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান পিপিএম।

গতকাল বিকেলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বেশির ভাগের বিরুদ্ধেই থানায় বিভিন্ন মামলা রয়েছে। তা ছাড়া যাঁরা রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, কেবল তাঁদেরই গ্রেপ্তার করা হয়েছে।