ছাত্রী সংস্থার ২৪ কর্মীর বিরুদ্ধে বিচার শুরু
জামায়াতে ইসলামী-সমর্থিত ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক এ অভিযোগ গঠন করে আগামী ২৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের মধ্য দিয়ে রাজধানীর খিলগাঁও থানায় করা এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো।
অভিযোগপত্রভুক্ত পলাতক চার আসামি ফাতিমা ফারহানা, সুমাইয়া সিদ্দিকা, সালমা নাসরিন ও আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ছাত্রী সংস্থার কর্মীদের বিরুদ্ধে এই প্রথম কোনো মামলার বিচার শুরু হলো।
অভিযোগ গঠন করা অপর ২০ জন হলেন তানজিনা বিনতে খায়ের, ফারজানা আক্তার, সামসুন্নাহার, ফাতেমা জান্নাত, আতিয়া জাহান, সুবাইতা সারা, মমতা হেনা, ফারহানা আক্তার, ফারজানা বেগম, হাফিজা সিদ্দিকা, শামিমা আক্তার, উম্মে হাবিবা, সুমাইয়া আফরোজ, জাকিয়া খান, নূর জাহান আক্তার, মারজানা আক্তার, সুমাইয়া খাতুন, রওনক জাহান, মাহবুবা ইসলাম ও ইসরাত জাহান। জামিনে থাকা এই ২০ জন গতকাল আদালতে হাজির ছিলেন। তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত ১৮ জুন খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের একটি বাড়ি থেকে ছাত্রী সংস্থার ২০ নেতা-কর্মীকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি প্রজেক্টর, জামায়াতের সাবেক আমির ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত গোলাম আযমের লেখা মজবুত ইমান নামক বইয়ের ৪৫টি কপিসহ বিভিন্ন লেখকের আরও ১৭ প্রকার বই উদ্ধার করা হয়।