ছাত্রী সাড়ে ১৫ হাজার আবাসন এক হাজারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রীদের তীব্র আবাসনসংকট দেখা দিয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর তুলনায় আবাসনব্যবস্থা একেবারেই অপ্রতুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও শহরের তিনটি সরকারি কলেজের ছাত্রীরা এ সমস্যায় জর্জরিত।খোঁজ নিয়ে জানা গেছে, চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার ৬১৪ জন ছাত্রীর মধ্যে বর্তমানে এক হাজার ২৩ জন ছাত্রীর আবাসনব্যবস্থা রয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০ জন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ৫২০ ও কুমিল্লা সরকারি মহিলা কলেজে ৩০৩ জনের আবাসনব্যবস্থা আছে। আর কুমিল্লা সরকারি কলেজে ছাত্রীদের থাকার কোনো ব্যবস্থা নেই।জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায় এক হাজার ৬০০ জন ছাত্রীর জন্য পাঁচতলাবিশিষ্ট নবাব ফয়জুন্নেছা ছাত্রী হল রয়েছে। ওই হলে ২০০ জনের ব্যবস্থা থাকলেও বর্তমানে থাকছেন ২৫০ জন। প্রতি কক্ষে চারজনের বিপরীতে ছয়জন করে থাকছেন। তার পরও আবাসনসংকট কাটছে না। ছাত্রী হলের হাউস টিউটর শামিমুল ইসলাম বলেন, ‘ছাত্রী হলে আসন পাওয়ার জন্য শিক্ষার্থীদের তীব্র চাপ রয়েছে।’এদিকে ১১৪ বছরের পুরোনো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে প্রায় আট হাজার ছাত্রীর মধ্যে মাত্র ৫২০ জনের আবাসনব্যবস্থা রয়েছে। এ কলেজে ডিগ্রি, স্নাতক (সম্মান) ও মাস্টার্স পর্যায়ের ছাত্রীদের থাকার জন্য নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস রয়েছে। ওই ছাত্রীনিবাসে তিনতলাবিশিষ্ট দুটি ভবন এবং দোতলাবিশিষ্ট দুটি ভবন মিলিয়ে ১০৪টি কক্ষ রয়েছে। এ কলেজের উচ্চমাধ্যমিক শাখার ছাত্রীদের আবাসনের কোনো ব্যবস্থা নেই। তবে শহরের চর্থা এলাকায় অবস্থিত শেরেবাংলা ছাত্র হলের নাম পরিবর্তন করে কয়েক বছর আগে ছাত্রী হল করা হয়েছে। এখনো সেখানে ছাত্রীদের ওঠানো হয়নি।কুমিল্লা সরকারি মহিলা কলেজে তিন হাজার ৫৪৯ জন ছাত্রীর মধ্যে মাত্র ৩০৩ জনের আবাসনব্যবস্থা রয়েছে। তবে নবাব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসে ২০৭টি আসনের বিপরীতে ৪০০ জন ছাত্রী থাকেন। অন্যদিকে হজরত আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাসে ৯৬ আসনের বিপরীতে ১৯২ জন ছাত্রী থাকেন। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘নতুন ভবন না হলে সংকট কাটবে না।’অন্যদিকে কুমিল্লা সরকারি কলেজে দুই হাজার ৪৬৫ জন ছাত্রীর জন্য কোনো ছাত্রীনিবাস নেই। কলেজের অধ্যক্ষ এ কে এম আছাদুজ্জামান বলেন, ‘কলেজে জায়গা না থাকার কারণে ছাত্রীনিবাস হচ্ছে না।’