বরিশাল বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী সাওদাকে কুপিয়ে হত্যার দায়ে আসামি মো. রাসেল মাতুব্বরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল সোমবার বেলা ১১টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন। মো. রাসেল একই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ওই আদালতের সরকারি কৌঁসুলি মো. গিয়াস উদ্দিন কাবুল জানান, ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় ধারালো অস্ত্র দিয়ে সাওদাকে কুপিয়ে জখম করেন মো. রাসেল। ওই দিন প্রথমে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকেল পাঁচটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাওদা মারা যান। এ ঘটনায় সাওদার মা শাহিদা বেগম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় রাসেলকে আসামি করে মামলা করেন। এক সপ্তাহ পর চট্টগ্রাম নগর থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাখাওয়াত হোসেন ২০১৪ সালের ৩০ এপ্রিল রাসেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২৭ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রাসেলকে গতকাল মৃত্যুদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
রায়ের পর সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন সাওদার বাবা মো. আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘আদালতের রায়ে আমরা খুশি। এখন রায় কার্যকর হলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’
আসামিপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন ও আসামি রাসেলের বাবা হারুন মাতুব্বর বলেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
সাওদার সহপাঠী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাওদা বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের মো. আবদুর রাজ্জাকে মেয়ে। রাসেল পাশের গ্রাম জ্ঞানপাড়ার বাসিন্দা হারুন মাতুব্বরের ছেলে। গ্রামে তাঁরা একই কলেজে পড়াশোনা করতেন। তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা দুজনই ভর্তি হন বরিশাল বিশ্ববিদ্যালয়ে।
রাসেল এক বছর আগে ব্যবস্থাপনা বিভাগে এবং এক বছর পর সাওদা হিসাববিজ্ঞান বিভাগে ভর্তি হন। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্কের কথা জানার পর এতে বাধা দেন। পরে সাওদা সম্পর্ক ছিন্ন করতে চান। তখন রাসেলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রাসেলকে কয়েক দফা হুঁশিয়ারি দেয়।
এরই ধারাবাহিকতায় ২০১৩ সালে ৫ সেপ্টেম্বর সাওদাকে কুপিয়ে পালিয়ে যান রাসেল।