ছাত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
নরসিংদীর বেলাব উপজেলায় কলেজছাত্রী সৈয়দা রিমভী আক্তারকে (২২) হত্যার দায়ে গতকাল মঙ্গলবার আল আমিন (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা নজীব আসামি আল আমিনের উপস্থিতিতে এই রায় দেন।
বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাড়ার সৈয়দ মো. শামসুজ্জামানের মেয়ে রিমভী। আল আমিন একই ইউনিয়নের কাজীরটেক এলাকার মিয়ার উদ্দিনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৭ মে বিকেলে রিমভী ও তাঁর ভাতিজি সানজিদা বাড়ির পাশের সড়কে হাঁটতে বের হন। একপর্যায়ে আল আমিন তাঁদের গতিরোধ করেন। কথা-কাটাকাটির এক পর্যায়ে আল আমিন দা দিয়ে রিমভীর মাথায় দুটি এবং দুই হাতে কোপ দেন। সানজিদার চিৎকারে লোকজন ছুটে এসে আল আমিনকে আটক করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিমভী। ৮ মে রিমভীর বড় ভাই সৈয়দ আতিকুজ্জামান বাদী হয়ে আল আমিনকে আসামি করে হত্যা মামলা করেন।