চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হল থেকে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের একাধিক নেতার লেখা বই উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ ও হল কর্তৃপক্ষ প্রীতিলতা হলের নামাজকক্ষের আলমারি থেকে এসব বই উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উদ্ধার করা বইগুলোর মধ্যে জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদুদী এবং যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযম ও মতিউর রহমান নিজামীর লেখা বই রয়েছে।
প্রীতিলতা হল সূত্র জানায়, ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নারী সদস্যদের সংগঠন স্বাধীনতার নেতা-কর্মীরা বৃহস্পতিবার রাতে হলের নামাজকক্ষে যান। সেখানে বইগুলো দেখতে পেয়ে তাঁরা বিষয়টি হলের প্রাধ্যক্ষকে জানান। পরে গতকাল এসব বই উদ্ধার করা হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ও স্বাধীনতা সংগঠনের প্রতিষ্ঠাতা সানজিদা জিনিয়া প্রথম আলোকে বলেন, ছাত্রী সংস্থার সদস্যরা এসব বই রেখেছিলেন।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিস বলেন, বইগুলো হল কর্তৃপক্ষের কাছে জমা আছে। তালিকা করা শেষে তাঁরা বইগুলো থানায় হস্তান্তর করবেন।
প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ শামীমা ফেরদৌসী বলেন, তালিকা শেষে আগামীকাল রোববার বইগুলো পুলিশের কাছে জমা দেওয়া হবে।