ছাত্রী হলে চুরি করতে গিয়ে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একটি ছাত্রী হলে চুরি করতে গিয়ে গতকাল বুধবার মো. রুবেল (২২) নামের এক যুবক গ্রেপ্তার হয়েছে। এ ঘটনায় ওই হলের আটজন পাহারাদারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সকালে বহিরাগত রুবেল চুরির উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে বাকৃবির তাপসী রাবেয়া হলের পশ্চিম ভবনে প্রবেশ করেন। তিনি ওই ভবনের ৪১০ নম্বর কক্ষে ঢোকার চেষ্টা করলে ওই কক্ষের ছাত্রীরা চিৎকার করেন। পরে বাকৃবির প্রক্টরের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে বাকৃবির নিরাপত্তা শাখা। পরে তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এদিকে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন হলের ছাত্রীরা। দায়িত্ব অবহেলার অভিযোগে ওই হলের পাহারাদার ফারুক, সালাম, ইকবাল, কামাল, শামছুন্নাহার, কমলা, সুলতানা ও মিতুকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের আগামী তিন দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।