ছাত্রী হলে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষে মারামারি হয়েছে। হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক-সমর্থকদের মধ্যে এই মারামারি হয়।
ওই হলের ছাত্রী এবং ছাত্রলীগের নেত্রীরা জানান, সম্প্রতি খাদিজাতুল কোবরাকে সভাপতি ও শেখ মারুফা নাবিলাকে সাধারণ সম্পাদক করে হল শাখা ছাত্রলীগের কমিটি করা হয়। খাদিজাতুল হল শাখার সাবেক সাধারণ সম্পাদক তানজিম শারমিন এবং শেখ মারুফা নাবিলা সাবেক সভাপতি জাকিয়া জামানের অনুসারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাদিজার সমর্থকেরা গতকাল সকালে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর প্রাধ্যক্ষের পক্ষে পাল্টা স্লোগান শুরু করেন মারুফার সমর্থকেরা। এ সময় দুই পক্ষের মারামারি বাধলে কয়েকজন আহত হন।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সহিদ আক্তার হোসাইন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী এবং ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ ঘটনাস্থলে যান। পরে তাঁরা পরিস্থিতি শান্ত করেন।
ওমর শরীফ প্রথম আলোকে জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পরে আলোচনা করে সমস্যার সমাধান হয়ে গেছে।