রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের উদ্ভূত সমস্যা সমাধানে গতকাল বুধবার প্রভোস্ট ও ছয়জন সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন করে প্রক্টর ও তিনজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরশেদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তুহিন ওয়াদুদ। ছয়জন সহকারী প্রভোস্ট হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক উমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক রিটু কুণ্ডু, একই বিভাগের প্রভাষক জুবায়ের তাহের ও সাব্বির আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রভাষক বেলালউদ্দিন, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরী।
এদিকে নতুন প্রক্টর হলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ জামান। তিনজন সহকারী প্রক্টর হলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহীনুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সিরাজউদদৌলা এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সুবরণ চন্দ্র সরকার। একই সঙ্গে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান পদে আপেল মাহমুদ যোগদান করেছেন।
শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষক সমিতির একটানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২ নভেম্বর শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টসহ চারজন সহকারী প্রভোস্ট পদত্যাগ করেন। এরই সুযোগে গত মঙ্গলবার ছাত্রলীগ জোরপূর্বক হলে প্রবেশ করে কয়েকজন ছাত্রীকে হলের কক্ষে তুলে দেওয়া অপচেষ্টা চালায়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা একজোট হয়ে প্রতিরোধ করেন এবং উপাচার্যের বাসভবন ঘেরাও করেন।