ছাত্রীহলে বিধিনিষেধের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে জারি করা ‘বিধিনিষেধের’ প্রতিবাদে আজ বুধবার রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাত ১০টার দিকে জাহানারা ইমাম হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জাহানারা ইমাম হলের সামনে এসে জড়ো হন। পরে হলের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিধিনিষেধের বিরুদ্ধে এবং প্রশাসনবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলের অধিকাংশই ছাত্রী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জাহানারা ইমাম হলে ৭ ডিসেম্বর বিধিনিষেধ-সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর প্রতিবাদে আজ সন্ধ্যায় প্রগতিশীল জোটের ব্যানারে ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়মানুযায়ী রাত ১০টায় হলের ফটক বন্ধ হয়ে যাবে। এরপর কোনো ছাত্রী হলে প্রবেশ বা হল থেকে বের হতে পারবেন না। বিভাগীয় কোনো কাজে রাত ১০টার পর কোনো ছাত্রীকে বাইরে থাকতে হলে অন্তত এক দিন আগে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির সুপারিশসহ আবেদন করতে হবে। এ ছাড়া প্রত্যেক ছাত্রীকে পরিচয়পত্র বহন করতে হবে। অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, হলে কোনো ছাত্রীর উপস্থিতি ৭৫ শতাংশ না হলে তাঁর পরীক্ষার আবেদনপত্রে স্বাক্ষর করা হবে না।
এসব বিজ্ঞপ্তি জারির পর এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে জাহানারা ইমাম হলের ভেতরে ছাত্রীরা মিছিল ও সমাবেশ করেন। এরপর আজ বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠন এ নিয়ে সভা করে। সভায় এসব বিধিনিষেধ বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে এর প্রতিবাদে রাত নয়টায় বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্রীদের নিয়ে প্রতিবাদ মিছিল, সাড়ে নয়টায় হলের সামনে অবস্থান এবং হলের উপস্থিতি বর্জনের ঘোষণা দেন তাঁরা।
এরপর সন্ধ্যা পৌনে সাতটার দিকে প্রগতিশীল জোটের ব্যানারে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্য এবং সাধারণ শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ফটক থেকে শুরু হয়ে সব ছাত্রী হল প্রদক্ষিণ করে পরিবহন চত্বরে এসে শেষ হয়।
এর আগে হলের আবাসিক শিক্ষার্থী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘হলে প্রবেশের সময়সীমা, পরিচয়পত্র বহন, নিয়মিত উপস্থিতি—এ ধরনের বৈষম্যমূলক বিধিনিষেধ ছাত্রীদের ওপরই আরোপ করা হয়। এর ফলে একজন ছাত্রীকে নানা রকম অসুবিধা পোহাতে হয়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এসব বিধিনিষেধ বাতিলের জন্য সম্মিলিতভাবে আন্দোলন করব।’
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন ও দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, এ ধরনের সিদ্ধান্ত চরম বৈষম্যমূলক। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক নিয়ম থাকতে পারে না।
এ বিষয়ে জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ শ্যামল কুমার রায় বলেন, সব ছাত্রীহলের জন্যই এ নিয়ম। হলগুলোর প্রাধ্যক্ষ কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের সিদ্ধান্ত বৈষম্যমূলক কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত না। বিশ্ববিদ্যালয়ের নিয়ম।’