ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলে বহিরাগতদের হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে এ মামলা করেন।
এদিকে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
কামরুল আহসান জানান, গত শনিবার পিলখানার পাশে নিউ পল্টন এলাকার বহিরাগত সন্ত্রাসীরা ছাত্রী হলে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ মামলা করেছে।
কামরুল আহসান আরও জানান, একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছে ছাত্রী হলের নিরাপত্তা বাড়াতেও বলা হয়েছে।
যৌথ বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানু বলেছেন, নব্বইয়ের দশক থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসমাজ ও ছাত্রী হলের নিরাপত্তা বিভিন্ন সময়ে হুমকির সম্মুখীন হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ও যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
গত শনিবার ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে এক ছাত্রীকে ওড়না ধরে টানাটানি করে স্থানীয় এক বখাটে। এর প্রতিবাদ করায় তার সহযোগীরা মারধর করে কয়েকজন ছাত্রকে। হলের ফটকের ভেতর ঢুকেও ভাঙচুর করে তারা।