ছাত্রী হলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি এমএম কলেজের (মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়) ছাত্রী হলের আসন ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রীরা। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেন।কলেজের বেগম খালেদা জিয়া ও হামিদা রহমান হলে তিন শতাধিক ছাত্রীর আবাসন রয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে।স্মারকলিপিতে ছাত্রীরা বলেন, ‘প্রতিবছর এক হাজার ৮০০ টাকা করে হলের আসন ভাড়া দিচ্ছি। ৩০ জুলাই ওই ভাড়া দুই হাজার ৯০০ টাকা নির্ধারণ করে কলেজ কর্তৃপক্ষ নোটিশ দেয়। একবারে এক হাজার ১০০ টাকা অতিরিক্ত ভাড়া দেওয়া ছাত্রীদের জন্য অত্যন্ত কষ্টকর। আসন ভাড়া ২০০ টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করা হলে ছাত্রীদের তেমন সমস্যা হবে না।’ কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক বলেন, হল চালানোর জন্য সরকার থেকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা ভাড়া আদায় হয় তা দিয়ে হল চালানো সম্ভব হচ্ছে না বিধায় আসন ভাড়া বাড়ানো হয়েছে।আন্দোলনরত কয়েকজন ছাত্রী বলেন, দুপুরে ছাত্রীদের বিক্ষোভ চলাকালে কলেজ ছাত্রলীগের কর্মী শাহীন, টিপু, তরিকুলসহ সাত-আটজন ছাত্রীদের আন্দোলন করতে বারণ করেন। নইলে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।