চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের ছাত্রী হোস্টেলের জায়গা দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দুপুরে চারজন যুবক গিয়ে দুই দিনের মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেন। এ ঘটনার প্রতিবাদে চারুকলা কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা গতকাল শনিবার থেকে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘কলেজের ওপর ভূমিখেকো একটি চক্রের চোখ পড়েছে। তারা সরকারি এ জায়গাটি গ্রাস করতে চায়। এর প্রতিবাদে আমরা ছবি আঁকা ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছি। ২৬ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে।’খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭৩ সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ প্রতিষ্ঠিত হয়। পরে পাশের গণপূর্তের ১৫ গন্ডা জায়গা ভাড়া নিয়ে কলেজ কর্তৃপক্ষ সেখানে শিল্পী রশিদ চৌধুরী ছাত্রাবাস গড়ে তোলে। কিন্তু বর্তমানে এ হোস্টেলের জায়গার মালিকানা দাবি করছেন লায়লা বেগম গং।চট্টগ্রাম সিটি করপোরেশনের বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি নিয়ে লায়লা বেগমের সঙ্গে আমার কথা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও আমার সঙ্গে কথা বলেছেন। আমি উভয় পক্ষকে নিয়ে কথা বলার চেষ্টা করছি।