ছাত্রী ১১ হাজার, শৌচাগার ৫৮টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২৯টি বিভাগের প্রায় চার হাজার ছাত্রী প্রতিদিন ক্লাস করছেন। এসব ছাত্রীর জন্য পাঁচতলা এই ভবনের নিচতলা ও চতুর্থ তলার কমনরুমে রয়েছে মাত্র সাতটি শৌচাগার। তাই ছাত্রীরা যে তলায়ই ক্লাস করুন না কেন, শৌচাগারে যাওয়ার জন্য তাঁদের এ দুই তলায়ই দৌড়াতে হয়। শুধু কলা ভবনই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ একাডেমিক ভবনেই ছাত্রীদের জন্য পর্যাপ্ত ও পরিচ্ছন্ন শৌচাগারের ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, প্রায় ১১ হাজার (২০১২ সালের জুন পর্যন্ত পরিসংখ্যান অনুসারে) ছাত্রীর জন্য একাডেমিক ভবনগুলোতে রয়েছে মোটে ৫৮টি শৌচাগার। অর্থাৎ ১৯০ জন ছাত্রীকে একটি শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। ছাত্রীরা বলছেন, অপর্যাপ্ত শৌচাগারের কারণে ক্লাস করতে এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে পানি কম খাচ্ছেন বলে জানালেন কয়েকটি অনুষদের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা এ কে এম আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ছাত্রীরা কম পানি খেলে তাঁদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। আর অপরিচ্ছন্ন শৌচাগার ব্যবহারের কারণে বিভিন্ন ধরনের স্ত্রীরোগ ও চর্মরোগ হয়ে থাকে। তিনি বলেন, মেডিকেল সেন্টারে আসা ছাত্রীদের ৪০ শতাংশই এসব রোগে আক্রান্ত থাকেন। আর এর জন্য অপরিচ্ছন্ন ও অপ্রতুল শৌচাগারই দায়ী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবন পুরোনো। তাই সেগুলোতে শৌচাগার বাড়ানোর সুযোগ নেই। তবে নতুন নির্মিত ভবনগুলোতেও পর্যাপ্ত শৌচাগার নেই বলে জানিয়েছেন ছাত্রীরা। কলা অনুষদের শিক্ষার্থী মাহবুবা রাখি প্রথম আলোকে বলেন, ‘শৌচাগারে যাওয়ার কথা ভাবলেই গা গুলিয়ে ওঠে। নাক চেপে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’ তিনি বলেন, ‘কখনো কখনো এক সপ্তাহ পর শৌচাগার পরিষ্কার করা হয়। দুুর্গন্ধ তখন কমনরুমেও ছড়িয়ে পড়ে। পরিচ্ছন্নতাকর্মীকে বলেও কোনো কাজ হয় না।’
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন ঘুরে দেখা যায়, বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য কার্জন হলে ১২টি, কাজী মোতাহার হোসেন ভবনে পাঁচটি ও মোকাররম হোসেন ভবনে ছয়টি শৌচাগার রয়েছে।
ব্যবসায় শিক্ষা অনুষদে রয়েছে ১২টি শৌচাগার। পাঁচতলা এই ভবনের প্রতিটি তলায় ক্লাস হলেও নিচতলার কমনরুমে থাকা ছয়টি আর দ্বিতীয় তলায় থাকা তিনটি শৌচাগার ছাত্রীরা ব্যবহার করতে পারেন। পঞ্চম তলায় তিনটি থাকলেও তা ছেলেরাও ব্যবহার করেন। চারুকলা অনুষদ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবন এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট ভবনে ছাত্রীদের জন্য একটি করে টয়লেট রয়েছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) ভবনে রয়েছে চারটি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে রয়েছে ছয়টি শৌচাগার।
ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, যে শৌচাগারগুলো রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার করার জন্য পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী নেই। কলা ভবন ও ব্যবসায় শিক্ষা ভবনে শুধু একজন করে আলাদা নারী পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। অন্যান্য ভবনে তা-ও নেই।
প্রায় প্রতিটি অনুষদের ছাত্রীরাই জানান, শৌচাগারগুলোতে নেই কোনো আয়না। নেই টিস্যু ফেলার ঝুড়ি। দু-একটিতে ঝুড়ি থাকলেও নিয়মিত খালি না করায় ময়লা উপচে পড়ে। দেয়ালে শ্যাওলা জমে থাকে। আর কমোডগুলো নিয়মিত পরিষ্কার না করায় সেগুলো নোংরা লালচে রং ধারণ করেছে। বেশির ভাগ বেসিনের অবস্থাই শোচনীয়।
তবে পরিস্থিতি ভিন্ন আইবিএ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে। এ দুই ইনস্টিটিউটের ছাত্রীরা তাঁদের শৌচাগার পর্যাপ্ত ও পরিচ্ছন্ন বলে জানান।
নারী শিক্ষার্থীদের জন্য শৌচাগারের অপর্যাপ্ততার কারণ জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ‘ভবনগুলোর নকশা পুরোনো। ছাত্রীদের জন্য যেভাবে হয়েছিল, সেভাবেই আছে। বাড়ানো সম্ভব নয়।’
খোঁজ নিয়ে দেখা যায়, নতুন ভবনগুলোতেও শৌচাগারের অপর্যাপ্ততা রয়েছে। ২০০৪ সালে প্রণীত নকশা অনুসারে ব্যবসায় শিক্ষা অনুষদের নতুন দশতলা এমবিএ ভবনেও ছাত্রীদের জন্য আলাদা কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। ফলে ওই ভবনে ক্লাস করা মেয়েদের হয় ছেলেদের শৌচাগারই ব্যবহার করতে হয়, না হয় বিবিএ ভবনে যেতে হয়। নবনির্মিত সামাজিক বিজ্ঞান অনুষদেও পর্যাপ্ত শৌচাগার নেই। চতুর্থ তলা পর্যন্ত ক্লাস শুরু হলেও শুধু দ্বিতীয় তলায় শৌচাগার রয়েছে তিনটি।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে ক্যাম্পাসে মেয়েদের শৌচাগারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও কর্তৃপক্ষের আছে বলে জানা নেই। তবে সব সময় শৌচাগারগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আরও লোক নিয়োগ করা যেতে পারে।