জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে শ্রেণীকক্ষে পাঠদান নিয়ে সংকট চলছে। প্রধান শিক্ষকসহ ১২টি পদে শিক্ষক আছেন মাত্র ছয়জন। ৪০১ জন ছাত্রীর বিপরীতে ওই ছয়জন শিক্ষক পাঠ্যসূচি শেষ করতে পারছেন না। এতে ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক ও চারজন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগের কোনো শিক্ষক নেই। শূন্যপদের বিষয়গুলো হলো: গণিত, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও জীববিজ্ঞান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আক্তারকে গত ১২ মে জামালপুর জিলা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়েছে। বর্তমানে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। বিজ্ঞানের সহকারী শিক্ষক ওয়ালিউর রহমান চলতি মাসে বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে নিয়োগ পেয়েছেন। জুনের প্রথম সপ্তাহে তিনিও স্কুল ছাড়বেন। তখন শিক্ষক কমে দাঁড়াবে মাত্র পাঁচজনে। শিক্ষকেরা জানিয়েছেন, বর্তমানে গণিতের কোনো শিক্ষক নেই। ব্যবসায় শিক্ষায় শিক্ষক না থাকায় সামাজিক বিজ্ঞানের শিক্ষক ব্যবসায় শিক্ষার বিষয় পড়াচ্ছেন। ভূগোল বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টি হয়নি। বর্তমানে বিজ্ঞানের একজন শিক্ষককে মাধ্যমিক শ্রেণীসহ নিচের দিকের সব শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পাঠদান করাতে হচ্ছে। নিরুপায় হয়ে রসায়নের ক্লাসে ওই শিক্ষক বিজ্ঞানের অন্যান্য বিষয়ও পড়াচ্ছেন। আরেকজন শিক্ষক বাংলা ক্লাসে অন্য আরও দু-একটি বিষয়ের পাঠ্যসূচি নিয়ে আলোচনা করেন।বিদ্যালয়ের প্রশাসনিক কাজেও সমস্যা দেখা দিয়েছে। এ অবস্থায় পাঠদান তো ঠিকমতো হচ্ছেই না, সব মিলিয়ে শিক্ষকেরা হযবরল অবস্থায় পড়েছেন। ফলে ছাত্রীরা নিয়মিত বিদ্যালয়ে গিয়েও পড়ালেখায় পিছিয়ে পড়ছে। নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী জেরিয়াতুল হাফসা জেরিন জানায়, ‘শিক্ষক কম থাকায় প্রতিটি শ্রেণীর ছাত্রীদের সমস্যা হচ্ছে। সাধারণ বিষয়ের ক্লাসগুলো হচ্ছে। বিজ্ঞানের পাঠ থেকে আমরা পিছিয়ে পড়ছি।’ একই শ্রেণীর নুসরাত জাহান তানজিলা প্রশ্ন করে, ‘একজন স্যার টানা কয়টা ক্লাস নিতে পারবেন। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া খুবই জরুরি।’এদিকে বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীর চারটি পদের মধ্যে তিনটি পদ শূন্য রয়েছে। কর্মরত একমাত্র চতুর্থ শ্রেণীর কর্মচারী ফিরোজা বেগমও গত ১১ এপ্রিল অবসরকালীন ছুটিতে গেছেন। ফলে বিদ্যালয়ের পিওন, নৈশপ্রহরী ও মালী না থাকায় সংশ্লিষ্ট কাজে বিঘ্ন ঘটছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল চন্দ্র বর্মণ প্রথম আলোকে বলেছেন, বিদ্যালয়ে শিক্ষকের মহাসংকট চলছে। মাত্র ছয়জন শিক্ষক ক্লাস নিতে হিমশিম খাচ্ছেন। ছাত্রীরা গণিতসহ ব্যবসায় শিক্ষা, মানবিক ও বিজ্ঞান বিভাগের বিষয়ভিত্তিক পাঠ থেকে বঞ্চিত হচ্ছে। জরুরি ভিত্তিতে শূন্যপদগুলোয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তা না হলে ছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা মন্ত্রণালয়সহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে শিক্ষক চেয়ে অনেকবার আবেদন করা হয়েছে।