ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, তিনজনের যাবজ্জীবন
শেরপুরে কলেজছাত্রীকে অপহরণের পর গণধর্ষণের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কিরণ শংকর হালদার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গনইভরুয়া পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. চান মিয়া (৩৫), একাব্বর আলীর ছেলে নজু শেখ (২৭) ও মফেজ শেখের ছেলে মো. শামীম (২২)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত এ মামলার দুই আসামি ইয়াকুব আলী (২১) ও সোহাগকে (২০) খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ২৬ জুলাই রাতে শেরপুর জেলা শহরের একটি বইয়ের দোকান থেকে ওই কলেজছাত্রী বই কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। শহরের নারায়ণপুর এলাকায় চান, নজু ও শামীম ওই ছাত্রীকে অটোরিকশা থেকে অপহরণ করে নিয়ে যান। পরে তাঁরা সদর উপজেলার গাজীরখামার এলাকার একটি নির্জন স্থানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ভোরে আসামিরা ওই ছাত্রীকে গাজীরখামার এলাকায় তাঁর এক আত্মীয়ের বাসায় রেখে যান। খবর পেয়ে ছাত্রীর মা ও বোন তাঁকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ২০১৫ সালের ২৫ নভেম্বর দণ্ডপ্রাপ্ত তিনজনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া এবং আসামিপক্ষে মো. সিরাজুল ইসলাম, আবুল মানসুর স্বপন ও মোরাদুজ্জামান মামলাটি পরিচালনা করেন।