ছাত্রীকে অপহরণের অভিযোগে সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পাস করা এক ছাত্রীকে অপহরণের অভিযোগে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবদুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই ছাত্রীকে। বগুড়া সদর থানার পুলিশ গত শনিবার রাতে গাজীপুরের কোনাবাড়ী থেকে সাত্তারকে গ্রেপ্তার করে।এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কসহ বিভিন্ন অভিযোগে গত বছরের ১৯ আগস্ট কলেজ থেকে সাময়িক বরখাস্ত হন আবদুস সাত্তার। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের সাবেক এক ছাত্রীকে অপহরণের অভিযোগ এনে ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা করেন ওই ছাত্রীর মা। এজাহারে বলা হয়েছে, ২১ আগস্ট সকাল পৌনে ১০টার দিকে আবদুস সাত্তার তাঁর মেয়েকে ডেকে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। সাত্তার বিবাহিত। তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে রয়েছে।ছাত্রীর মা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ঠিক সেই সময়ে তাঁদের পূর্বপরিচিত আবদুস সাত্তার তাঁর মেয়েকে অপহরণ করেছেন।সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আবদুস সাত্তারকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।