ছাত্রীকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে গতকাল রোববার অপহরণের চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ছাত্রীর পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বখাটেরা তাকে অপহরণের চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের আটি ভাওয়াল উচ্চবিদ্যালয়ের ওই ছাত্রী গতকাল বেলা একটার দিকে ক্লাসের ফাঁকে স্কুলের মাঠে বসে খাবার খাচ্ছিল। এ সময় তার খালাতো ভাই (২২) ও বোনসহ (২৫) আরও দুজন মিলে তাকে জোর করে একটি ব্যক্তিগত গাড়িতে তোলার চেষ্টা করে। এতে বাধা দিলে দুর্বৃত্তরা একজন শিক্ষককে মারধর করে পালিয়ে যায়। খবর পেয়ে জনতা ধাওয়া দিয়ে গাড়ির চালকসহ দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে। পরে তারা গাড়িটি জ্বালিয়ে দেয়। ওই ছাত্রী জানায়, তার খালাতো ভাই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু খালাতো ভাই বখাটে হওয়ায় তার পরিবার প্রস্তাবে রাজি হয়নি। এতে সে ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কু্দ্দুস বলেন, ‘মেয়েটিকে জোর করে একটি প্রাইভেট কারে তোলা হচ্ছিল। এতে বাধা দিলে দুর্বৃত্তরা আমাকে কিল-ঘুষি মারতে থাকে। পরে তারা ওই ছাত্রীকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে যায়।’ আটক ওই স্কুলছাত্রীর খালাতো বোন বলেন, ‘আমরা খালাতো বোনের সঙ্গে দেখা করতে বিদ্যালয়ে গিয়েছিলাম।’ জোর করে কেন গাড়িতে তুলতে চাইছিলেন জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর বড় ভাই মামলা করেছেন।