ছাত্রীকে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ধারণ, বাড়িঘরে হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে উত্ত্যক্তের ঘটনায় অধ্যক্ষের কাছে বিচার চেয়েছিল কলেজছাত্রী। এতে ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছেন তাজুল ইসলাম ওরফে সুমন (১৮) নামের এক বখাটে। ভাঙচুর করেই তিনি ক্ষান্ত হননি, ওই ছাত্রীকে ঘর থেকে বের করে বাবার সামনে অর্ধনগ্ন করে মুঠোফোনে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করেছেন।গত মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে নোয়াখালী জেলার বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের পূর্ব কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময় ওই বাড়ির পাঁচটি টিনের ঘরের বেড়া ও দরজা-জানালা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে এবং বাড়ির নারী-পুরুষদের এলোপাতাড়ি মারধর করে।হামলায় বাড়ির নারী-পুরুষ ও প্রতিবেশীসহ অন্তত ছয়জন আহত হন। তাঁদের মধ্যে সাইফুল ইসলাম (২০) ও বিবি ফাতেমা আহছানকে (৩০) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন।ছাত্রীর বাবা জানান, পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার দেবীসিংপুর গ্রামের নুর নবীর ছেলে তাজুল ইসলাম ওরফে সুমন এক বছর ধরে কলেজে আসা-যাওয়ার পথে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। মেয়েটি সেনবাগের বালিয়াকান্দি ডিগ্রি কলেজের একাদশ এবং সুমন একই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।মেয়েটির মা জানান, রাত আটটার দিকে তাঁর স্বামী এশার নামাজ পড়তে বাড়ির সামনের মসজিদে যান। এই সুযোগে সুমনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী এসে অতর্কিতে তাঁদের ঘরে ঢুকে পড়ে। সুমন এ সময় তাঁর মেয়েকে মুখ চেপে ধরে বসতঘর থেকে টেনেহিঁচড়ে পাশের রান্নাঘরের পেছনের বাগানে নিয়ে যায়। এ সময় সুমন ও তাঁর সহযোগীরা তাঁর মেয়ের পরনের জামাকাপড় ছিঁড়ে ফেলে এবং তাকে অর্ধনগ্ন করে তাদের মুঠোফোনে ভিডিওচিত্র ও স্থির চিত্র ধারণ করতে থাকে। তাঁর স্বামীও বাড়িতে এসে পৌঁছে সেখানে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। তাঁরা স্বামী-স্ত্রী এবং বাড়ির অন্য মহিলারা এসে সুমনকে ধরে চিৎকার দিতে থাকলে সঙ্গের সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর তারা আরও লোকজন ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গেলে ওই বাড়ির আরেক বাসিন্দা বৃদ্ধ আবদুল ওদুদ বলেন, সুমন ও তাঁর সাঙ্গপাঙ্গদের অপকর্মের কারণে এলাকার মানুষজন জিম্মি হয়ে পড়েছে। তিনি অবিলম্বে সুমন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।বালিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সহিদুল আলম বলেন, মেয়েটির বাবা মঙ্গলবার তাঁর কাছে সুমনের বিরুদ্ধে অভিযোগ করে গেছেন। তবে লিখিত দেননি। তিনি বলেন, অভিযুক্ত সুমনের বিরুদ্ধে তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম জানান, মেয়েটির বাবার লিখিত অভিযোগ নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। সুমন ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়েছে।নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী জানান, তিনি ঘটনাটি শোনার পর থানার পুলিশকে দ্রুত মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।