ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপকারীদের বিচারের দাবি
কলেজছাত্রীর ওপর অ্যাসিড নিক্ষেপে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করে মানববন্ধন করেছে প্রথম আলোর গোপালগঞ্জ বন্ধুসভা। গতকাল সোমবার সকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বখাটে রথীন ঘোষ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছেন সম্ভাবনাময় এক তরুণীর মুখমণ্ডল, গলা ও হাত। প্রেম ও বিয়ে করতে ব্যর্থ হয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। রথীন ও তাঁর সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ কোনো নারীকে অ্যাসিড মারার দুঃসাহস দেখাতে না পারে।
মানববন্ধনে গোপালগঞ্জ বন্ধুসভার নারীবিষয়ক সম্পাদক পূরবী শেখ ও বন্ধুসভার সদস্য আমেনা আহমেদ বক্তব্য দেন। এ কর্মসূচিতে সহযোগিতা করে অ্যাসিডদগ্ধ নারীদের জন্য সহায়তা তহবিল। অভিযোগ উঠেছে, গত শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে গোপালগঞ্জ সদরে ওই তরুণীর বাড়ির বেড়া কেটে তাঁকে অ্যাসিডে ঝলসে দেন রথীন ঘোষ (২৩)।
ওই তরুণী বর্তমানে ঢাকার মিরপুরে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন।