ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আট দিন আটকে রেখে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে তারই ভগ্নিপতি ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করায় ওই ছাত্রীর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ে মেয়েটি ও তার বোনসহ পরিবারের সবাই পালিয়ে বেড়াচ্ছেন।পুলিশ সূত্র জানিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে গোসাইরহাট ও আশপাশের থানায় সাত-আটটি ডাকাতির মামলা রয়েছে।গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালে ওই ছাত্রীর বড় বোনকে ওই ব্যক্তি জোর করে তুলে নিয়ে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান আছে।সম্প্রতি তিনি তাঁর শ্যালিকাকে বিয়ে করার জন্য শ্বশুরবাড়ির লোকজনকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় ১ জানুয়ারি বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে শ্যালিকাকে অপহরণ করে নিয়ে যান। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। ৮ জানুয়ারি রাতে ওই ব্যক্তির আত্মীয়স্বজনের সহায়তায় অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। ১০ জানুয়ারি গোসাইরহাট থানায় মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেন।শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মুনীর আহমদ খান বলেন, ১১ জানুয়ারি মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা গেছে, ওই মেয়েটি ও তার পরিবারের সদস্যদের কেউ নেই। স্থানীয় লোকজন জানান, মামলা করার পর ওই ব্যক্তির হুমকিতে মেয়েটি ও তাঁর বড় বোনসহ (ওই ব্যক্তির স্ত্রী) পরিবারের সবাই আত্মগোপন করেছেন। একপর্যায়ে মেয়েটির এক আত্মীয়ের মাধ্যমে তাদের খুঁজে পাওয়া যায়। মেয়েটি বলে, ‘একটি ঘরের মধ্যে আমাকে আট দিন আটক করে রাখে। প্রতি রাতে আমার ওপর পাশবিক অত্যাচার চালাত। দিনের বেলায় ঘরে তালা দিয়ে রাখত। সারা দিনে এক বেলা খেতে দিত।’মেয়েটির বাবা বলেন, তিনি দুর্ধর্ষ প্রকৃতির লোক। থানায় মামলা করার পরে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি কয়েকটি ডাকাতি মামলার আসামি। অনেক দিন থেকেই পুলিশ তাঁকে খুঁজছে।