ছাত্রীকে উত্ত্যক্ত, দুজনকে মারধর ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রলীগের জ্যেষ্ঠ এক কর্মীসহ দুজনকে মারধর করেছেন সংগঠনটির কনিষ্ঠ কর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের কনিষ্ঠ এক কর্মীকে গতকাল বুধবার দুপুরে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।এ ঘটনায় আ ফ ম কামালউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের পাল্টাপাল্টি ইট-পাটকেলের আঘাতে আটজন আহত হন।প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগের একাধিক কর্মী জানান, মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পেছনের লেকে নৌকাভ্রমণ করছিলেন ফার্মেসি বিভাগের ৩৬তম ব্যাচের কামরুল ইসলাম ও তাঁর পরিচিত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ সময় ওই লেকে মাছ ধরছিলেন কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের কর্মী সরকার ও রাজনীতি বিভাগের ৩৮তম ব্যাচের মাসুদ পারভেজসহ চার-পাঁচজন।ছাত্রলীগের কর্মীরা নৌকাভ্রমণরত ওই ছাত্রীর উদ্দেশে অশ্লীল মন্তব্য করলে কামরুল প্রতিবাদ করেন এবং ভদ্রতা বজায় রাখার অনুরোধ জানান। রাত ১০টার দিকে কামরুল বিশ্ববিদ্যালয়ের বটতলায় খাবার খেতে গেলে মাসুদ পারভেজ ও শাওন তাঁকে মারধর করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী ও বাংলা বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র বুলবুল আহমেদ বিষয়টি জানতে সেখানে গেলে তাঁকেও মারধর করেন ছাত্রলীগের এক বর্ষ কনিষ্ঠ কর্মীরা।ছাত্রলীগের কনিষ্ঠ কর্মীরা জ্যেষ্ঠদের মারধর করেছেন, এমন ঘটনা জানার পর রাতেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ অন্য নেতা-কর্মীদের নিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু মাসুদ সেখানে উপস্থিত না হওয়ায় গতকাল দুপুরে তাঁকে তিন মাসের জন্য সংগঠন থেকে বহিষ্কার করা হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা আড়াইটার দিকে মাসুদসহ কামালউদ্দিন হল শাখা ছাত্রলীগের কর্মীরা রড, লোহার পাইপ, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যান। ওই হলের ছাত্রলীগের কর্মীরাও দেশীয় অস্ত্র নিয়ে কামালউদ্দিন হলের কর্মীদের ধাওয়া করেন। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় মনোয়ার হোসেন, আসিফ আহমেদ, বাঁধন, রাসেল, রানা, আশরাফুজ্জামান, ইউনুস খান ও রাফি আহত হন। পরে প্রক্টরিয়াল বডির সদস্য এবং সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। এ ব্যাপারে বক্তব্য জানতে ছাত্রলীগের বহিষ্কৃত কর্মী মাসুদ পারভেজ ও শাওনের মুঠোফোনে যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জ্যেষ্ঠ ছাত্রের সঙ্গে বেয়াদবি করায় মাসুদ পারভেজকে ছাত্রলীগ থেকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয় এবং ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে দুপুরে বিষয়টির মীমাংসা করা হয়। এর পরও কনিষ্ঠ কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।’প্রক্টর সোহেল আহমেদ বলেন, ‘প্রক্টরিয়াল বডির সদস্য ও সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরে উপাচার্যের সঙ্গে কথা বলে জড়িত ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’