ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আকালবরিশ গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাজাহান তালুকদার (৩৬)। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক শিক্ষকের কাছে পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে একই গ্রামের ফয়সাল হোসেন ও ইরাদ হোসেন বাজে কথা বলে। ওই ছাত্রী বিষয়টি তার ভাইকে জানায়। ছাত্রীটির ভাই ওই উত্ত্যক্তকারী দুই যুবককে বকাঝকা করলে বখাটেরা লোকজন নিয়ে তাকে মারধর করে। এর জের ধরে সাবেক ইউপি চেয়ারম্যান মো. সালাম তালুকদার ও বর্তমান মেম্বর আবুল হোসেন ব্যাপারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সালাম তালুকদারের ভাই শাজাহান তালুকদার এবং সবুজ ব্যাপারী, জালাল ব্যাপারী, চুন্নু ব্যাপারী, আবু আলম তালুকদার, আকতার হোসেন, দুদু মিয়া, খোকন ব্যাপারী, ধলু ব্যাপারী, রানা ব্যাপারীসহ ১১ জন আহত হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শাজাহান মারা যান। অন্যদের ঢাকা, মাদারীপুরসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাবেক চেয়ারম্যান মো. সালাম তালুকদার বলেন, ‘একটা মেয়েকে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করলে বখাটেরা আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে।’
এদিকে আবুল হোসেন ব্যাপারীর মুঠোফোনে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি।
কালকিনির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, ঘটনার পর থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।