ছাত্রীকে উত্ত্যক্ত করায় তরুণের কারাদণ্ড
ফরিদপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফারুক শেখ (১৯) নামের এক তরুণকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার আলফাডাঙ্গায় এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের।
দণ্ডপ্রাপ্ত তরুণের বাড়ি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে।
আদালত সূত্রে জানা যায়, আজ সকালে প্রাইভেট পড়ে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীর হাত ধরে টানাটানি করেন ফারুক। এ সময় হেলেঞ্চা বাজারের লোকজন ওই তরুণকে আটক পর পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ওই তরুণকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।
দুপুরে নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল খায়ের নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ফারুক শেখকে এক বছরের বিনা শ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।
নির্বাহী হাকিম জানান, যৌন হয়রানির দায়ে ওই তরুণকে এ দণ্ড দেওয়া হয়।