ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজ শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ার শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই কলেজেরই এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ব্যবস্থাপনা কমিটি তাঁকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করে। সাময়িক বরখাস্ত হওয়া ওই শিক্ষকের নাম মো. ফারুক ফকির। তিনি ওই কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।ওই কলেজছাত্রী অভিযোগ করেন, কলেজশিক্ষক ফারুক ফকির কিছু দিন ধরে তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করছিলেন। সোমবার বেলা সাড়ে ১২টায় ফারুক ফকির মুঠোফোনে পুনরায় তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন। এ ঘটনার পর তিনি ওই দিনই এ ব্যাপারে অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেন। বিষয়টি জানার পর কলেজের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করেন এবং ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে কলেজ চত্বরে এক সমাবেশে তাঁরা অভিযুক্ত শিক্ষক ফারুক ফকিরকে অপসারণের দাবি জানান। প্রভাষক ফারুক ফকির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো নম্বরে ফোন করেনি বরং আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র করা হচ্ছে।’অধ্যক্ষ হেমায়েত উদ্দিন বলেন, মঙ্গলবার ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে প্রভাষক ফারুক ফকিরকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।