ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে একই কলেজের মো. মুরাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রী বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। মো. মুরাদ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। মো. মুরাদসহ তিন শিক্ষার্থী গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত এবং তাঁকেসহ তাঁর স্বামীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ওই ছাত্রীকে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করতেন মুরাদ ও তাঁর সহযোগীরা। গতকাল সোমবার কলেজে অনুষ্ঠিত একটি মানববন্ধনে অংশ না নেওয়ার অভিযোগ তুলে তাঁর পথরোধ করেন মো. সাকিব, মো. সাদ্দাম ও মুরাদ। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাঁরা। বিষয়টি জানতে পেরে তাঁর স্বামী ক্যাম্পাসে গিয়ে এর প্রতিবাদ করলে উত্ত্যক্তকারী তিন শিক্ষার্থী তাঁকে বেধড়ক মারধর করেন। সংবাদ পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে ছাত্রী ও তাঁর স্বামীকে উদ্ধার করে। এ সময় মো. মুরাদকে আটক করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত এবং স্বামীকে মারধরের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় মো. মুরাদ ছাড়া অপর দুই অভিযুক্ত ছাত্র হলেন কম্পিউটার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাকিব ও সাদ্দাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।