রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতা গণপিটুনির শিকার হয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।ভাস্কর সরকার নামের ওই নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এমফিল গবেষক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ে সিরাজী ভবনের সামনে নাট্যকলা বিভাগের এক ছাত্রীর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন ভাস্কর সরকার। এ সময় তিনি ওই ছাত্রীর উদ্দেশে অশ্লীল মন্তব্য করেন। এ সময় সেখানে উপস্থিত ওই ছাত্রীর সহপাঠীরা তাঁকে গণধোলাই দেন। পরে তাঁকে রাবি চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে ওই ছাত্রী গতকাল নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগ অস্বীকার করে ভাস্কর সরকার বলেন, ‘রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।’