ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিক্ষককে তাৎক্ষণিক বদলি
পটুয়াখালীর গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম আর মিজানুর রহমান গত সোমবার এক আদেশে তাঁকে বদলি করেন। গত রোববার ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আমিনুলের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেন। ইউএনও লস্কার তাজুল ইসলাম ওই দিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।ইউএনও লস্কার তাজুল ইসলাম বলেন, ‘ওই অভিভাবকের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম আর মিজানুর রহমান বলেন, ‘আমরা প্রধান শিক্ষক আমিনুল ইসলামের বিরুদ্ধে ইভ টিজিংয়ের একটি অভিযোগ পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি করা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।’আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাখ্যান করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার বিরুদ্ধে দেওয়া এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছি তা একটি মহল মেনে নিতে পারছে না। তারাই আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে সাজানো অভিযোগ করেছে।’