ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সাংবাদিককে মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ওই সাংবাদিককে মারধরের ঘটনা ঘটে।
ওই সাংবাদিকের নাম আল-আমীন হোসেন। তিনি অর্থনীতি প্রতিদিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এক ছাত্রী টুকিটাকি চত্বরের একটি দোকানে বসে নাশতা করছিলেন। এ সময় আল-আমীন হোসেন ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এরপর খাবার না খেয়েই নিজের বিভাগে ফিরে যান ওই ছাত্রী। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং ত্রাণ ও দুর্যোগবিষয়ক উপসম্পাদক সুরঞ্জিত কুমারকে নিয়ে ঘটনাস্থলে আসেন ওই ছাত্রী। ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আল-আমীনকে মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে ইনকিলাব পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আজিবুল হক লাঞ্ছিত হন। অভিযোগ অস্বীকার করে আল-আমীন বলেন, ‘আমি কাউকে ইভ টিজিং করিনি। ছাত্রলীগের নেতা-কর্মীরা কোনো কারণ ছাড়াই আমাকে মারধর করেছেন।’ আবদুস সালাম বলেন, ‘ওই ছাত্রী সম্পর্কে আমার ছোট বোন। ইভ টিজিংয়ের শিকার হয়ে সে বিষয়টি আমাকে জানালে সেখানে গিয়ে ওই সাংবাদিককে শাসন করেছি মাত্র।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’