প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মিনহাজ উদ্দিন (২০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম এ আদেশ দেন। মিনহাজের বাড়ি চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা গ্রামে।
ছাত্রীর বাবা বলেন, কলেজে যাওয়ার পথে মিনহাজ তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন। গতকাল তাঁর মেয়ে কলেজে যাওয়ার সময় পথ আটকে মিনহাজ অশ্লীল আচরণ করেন এবং অপহরণের হুমকি দেন। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। পরে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন পৌর শহরের একটি বিপণিবিতান থেকে মিনহাজকে আটক করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, মিনহাজ উদ্দিনকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।