ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ব্রাহ্মণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে বিদ্যালয় থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে। গত শুক্রবার বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আবু সাঈদ খান দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালে এক ছাত্রীকে যৌন হয়রানি করেন এবং কুপ্রস্তাব দেন। ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে লিখিত অভিযোগ দেয়। ওই দিন ব্যবস্থাপনা পর্ষদের জরুরি সভায় আবু সাঈদকে কারণ দর্শানোসহ সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে ব্যবস্থাপনা পর্ষদ তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।
৮ অক্টোবর প্রথম আলোয় ‘শিক্ষককে কারণ দর্শাও’ শিরোনামে এ-সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়।
তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ায় গত শুক্রবার ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মিয়া লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাঁকে চূড়ান্ত বরখাস্ত করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মোল্লা বলেন, এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থাপনা পর্ষদ ওই শিক্ষককে চূড়ান্ত বরখাস্ত করেছে।
আবু সাঈদ বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’
বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ বলেন, ‘এ ব্যাপারে গতকাল রোববার বিকেল পর্যন্ত আমাকে কেউ কিছু জানায়নি।’