ছাত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় হামলা, তিনজন জখম
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় দুই বখাটে ও তাদের সহযোগীরা গত বুধবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
স্থানীয় লোকজন জানান, উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল সাইফুল ইসলাম ও শাহেদ রাঢ়ী নামের স্থানীয় দুই বখাটে৷ গত মঙ্গলবার তারা ওই ছাত্রীর পথরোধ করে অশালীন আচরণ করে৷ ওই ছাত্রী ঘটনাটি তার বাবাকে জানায়৷ এরপর ওই ছাত্রীর বাবা বিষয়টি ওই দুই বখাটের অভিভাবক এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে জানান৷ এতে ক্ষীপ্ত হয়ে বুধবার ধারালো অস্ত্র নিয়ে সাইফুল ও শাহেদ তাদের ২৫-৩০ জন সহযোগী নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়৷
তারা ওই ছাত্রীর চাচা, ভাই এবং প্রতিবেশী এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে৷ হামলাকারীরা ওই বাড়ির বেশ কয়েকটি গাছ কেটে ফেলে এবং একটি সবজি বাগান নষ্ট করে৷
মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই ছাত্রীর চাচা বলেন, স্কুলে যাওয়া-আসার পথে প্রায় প্রতিদিনই সাইফুল ও শাহেদ তাঁর ভাতিিজকে উত্ত্যক্ত করত৷ এ বিষয়ে তাঁরা একাধিকবার ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানিয়েছেন৷ গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে বিচার চাওয়ায় এ হামলা চালানো হয়েছে৷
ধারালো অস্ত্রের আঘাতে ওই ছাত্রীর চাচার ডান হাতের একটি এবং ভাইয়ের তিনটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক৷
মেহেন্দীগঞ্জ থানার ওসি উজ্জ্বল দে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাইফুল, শাহেদসহ সাত-আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন৷ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷