ছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে কুপিয়ে জখম
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাতীয় পার্টির সাংসদের সংবর্ধনা উপলক্ষে শোভাযাত্রায় অংশ নেওয়া একটি মোটরসাইকেলে হামলার ঘটনা ঘটেছে। শোভাযাত্রা থেকে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ ফখরুল ইমামকে ঈশ্বরগঞ্জে সংবর্ধনা দেয় উপজেলা জাতীয় পার্টি। জাপা কর্মীরা শনিবার দুপুরে সাংসদকে স্বাগত জানাতে তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে আসেন। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকজন মোটরসাইকেল আরোহী এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহীরা তাঁদের মারধর করে। রাত আটটার দিকে সাংসদের গাড়িবহর শহরে ফিরলে দুপুরের ঘটনায় ক্ষুব্ধ লোকজন পেছনে থাকা মোটরসাইকেলগুলোকে ধাওয়া করেন। এ সময় তারা আসাদুল নামে একজনকে কুপিয়ে আহত করেন। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মঈন উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।